ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) ও একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এপাচি মোটরসাইকেল মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



