ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার

সোমবার সকালে ফাজিলপুর গ্রামের তন্নিদিঘির পূর্ব পাশে গড় নামক স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

Location :

Ranisankail
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ |নয়া দিগন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন নাসিমা (৩৫) নামে এক গৃহবধূ। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে নিখোঁজের এক দিন পর ওই গৃহবধূর দগ্ধ (আংশিক) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নাসিমা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাজিলপুর গ্রামের তন্নিদিঘির পূর্ব পাশে গড় নামক স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী ও ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, গতকাল রোববার (৩১ মে) বিকেলে নাসিমা সন্তানদের নিয়ে কবিরাজের বাড়িতে যাবে বলে বাসা থেকে বের হন। পরে রাতে তার মেয়ে ফোনে তাকে জানায়, মা খালার বাড়িতে আছেন। কিন্তু আজ (সোমবার) সকালে এক নারীর লাশ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে শনাক্ত করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।’