টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, অটোরিকশাচালক আটক

প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এবং কারা এর সাথে জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi
টঙ্গী পূর্ব থানা
টঙ্গী পূর্ব থানা |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মরহুম নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি নুরুল ইসলামকে আলেরটেক সোসাইটি মাঠে ডেকে নিয়ে যান। সেখানে পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এবং কারা এর সাথে জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’