কুমারখালীতে কলাবাগান থেকে নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার

তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kumarkhali
কলাবাগান থেকে নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার
কলাবাগান থেকে নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার |প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগানে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের মরহুম আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের নিকটাত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড মেম্বার হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ (বুধবার) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি মোবাইলফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বাদশা নামে এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।