সমাজকল্যাণমন্ত্রী

সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার কাজ করছে

অনুষ্ঠানে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী, অসহায় মানুষ এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি বিভিন্ন কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়।

Location :

Dinajpur

দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে তারা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে আরোউৎসাহিত হবে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী, অসহায় মানুষ এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি বিভিন্ন কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিক্ষা, আর্থিক সহায়তা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে ১০৬ জন উপকারভোগীর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৯৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন রোগী এবং ৬৪ জন অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং পড়াশোনায় তাদের উৎসাহ বাড়াতেই বালিকা শিক্ষার্থীদের বাইসাইকেল দেয়া হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ আলী, মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. মো. জাভেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা বিএনপির সভাপতি শামিম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।