রংপুর মেডিক্যাল হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিরা হাসপাতালে বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস অতিরিক্ত ভাড়ায় নিতে বাধ্য করত। না দিলে তারা সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্স ভাড়া দেয়া থেকে বিরত থাকত।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গ্রেফতার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্য
গ্রেফতার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্য |নয়া দিগন্ত

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতালের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— নগরীর ফতেপুর এলাকার আফজাল হোসেনের ছেলে মো: ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দের সাজাহান মিয়ার ছেলে মো: রানা মিয়া (৩৪) ও শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (২৬), হাজিরহাটের বখতিয়ারপুরের সাইদুল ইসলামের ছেলে মো: বিপ্লব মিয়া (২৪), পরশুরামের কদমতলা এলাকার মরহুম তাহাজুল ইসলামের ছেলে মো: ফরহাদ হোসেন (৪২), চিকলী ভাটার তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত হোসেন আপলে (২২) ও কাউনিয়ার মহেষা এলাকার মরহুম জয়নাল আবেদীনের ছেলে মো: রাজু মিয়া (৪০)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার ব্যক্তিরা হাসপাতালে বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস অতিরিক্ত ভাড়ায় নিতে বাধ্য করত। না দিলে তারা সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্স ভাড়া দেয়া থেকে বিরত থাকত। সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই অনুযায়ী অভিযান অব্যাহত আছে।

তিনি আরো জানান, একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট হাসপাতালে এখনো বিরাজমান। চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালকেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান অব্যাহত থাকবে।