রাজবাড়ীর পাংশায় নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু ইভান (৩) গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার এসআই প্রকাশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রমানিকের স্ত্রী।
জানা গেছে, ইভান বাড়ির পাশেই রেললাইনের উপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ ট্রেনের শব্দ শুনে মা মনিরা খাতুন ছুটে এসে সন্তানকে বাঁচাতে যান। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মনিরা খাতুন।
এ সময় স্থানীয়রা ইভানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ইভানকে ফরিদপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করেন চিকিৎসক।
এ ঘটনায় রাজবাড়ী জিআরপি থানার এসআই প্রকাশ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



