ঢাকার আশুলিয়ায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইব্রাহীম খলিলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিন সন্ধ্যায় আশুলিয়ার মাজাররোড বটতলা এলাকায় নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম খলিল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতী এলাকার মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ তৌহিদ জং মুরাদের অনুসারী ছিলেন।
শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও কলতাসূতী গ্রামের আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে জানান, দুইটা কারখানায় তার ব্যবসা ছিল। কিন্তু ইব্রাহিম খলিল তাকে ও তার ছেলে সাদ্দামকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসা ছিনিয়ে নিয়েছে। তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তার একটি ৬০ লাখ টাকা মূল্যের গাড়ি ছিল সেটি ভাঙচুর করেছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া আছে।
তিনি বলেন, শুনেছি আজ (বুধবার) পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র হত্যা মামলার আসামি সে।



