কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘কয়েক বছরের মধ্যেই মসলাজাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে মসলাজাতীয় পণ্য আমদানি করতে হবে না।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার কাছে খুবই খারাপ লাগে, যখন দেখি মরিচ আমদানি করা হচ্ছে। সিজনে কৃষকেরা দাম পাচ্ছে না। আবার বর্ষায় মরিচ আমদানি করা হচ্ছে। একবার ১০ টাকাও দাম পাচ্ছে না। আরেকবার একই জিনিস আমদানিও করতে হচ্ছে। আমরা মরিচ আমদানি পুরোপুরি বন্ধ করতে চাই। দ্রব্যমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা রেইনি সিজন। এ সময়ে ফসল ফলানো কষ্টকর। তার ওপর ব্যয় বেশি হয়। যার কারণে বাজারে প্রভাব পড়ে।’
সার নিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে সারের কোনো সঙ্কট নেই। বরং উদ্বৃত্ত আছে। এক শ্রেণির অসাধু লোকজন কৃত্রিম সঙ্কট দেখানোর চেষ্টা করছে। সরকার তাদের খুঁজছে। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এরা দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারী। সরকার তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে, কৃষকেরাও এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’
সভার সঞ্চানায় ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠ সম্পাদক রাজিউর রহমান রাজিব।



