ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ৮

পাত্রী দেখা হলো না আবদুল আলিমের

একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উল্টে যায়। এ সময় গাড়ির বনাটে বসা আবদুল আলিম দরজা দিয়ে বাইরে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন।

ফেনী অফিস

Location :

Feni
নিহত কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম
নিহত কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম |সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে সড়ক দুর্ঘটনায় মো: আবদুল আলিম (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত আটজন আহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস লালপুল স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উল্টে যায়। এ সময় গাড়ির বনাটে বসা আবদুল আলিম দরজা দিয়ে বাইরে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল আলিম বারাইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের একমাত্র ছেলে। তিনি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সিলেটে কর্মরত ছিলেন।

নিহতের নানা এ কে এম সামছুউদ্দিন জানান, তার নাতি সিলেট থেকে ট্রেনে এসে ফেনী স্টেশনে নামেন। এরপর বারইয়ারহাট নিজ বাসার উদ্দেশ্যে মহিপাল থেকে একটি বাসে উঠেন। বাসটি লালপোল পৌঁছালে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কের মধ্যখানে উল্টে যায়। এতে গুরুতর আহত আবস্থায় জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।

এদিকে দুর্ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে চট্টগ্রামমুখী অংশে যান চলাচল বন্ধ থাকার পর ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম ফেনীর লালপুলে সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।