প্রেমের প্রস্তাবে প্রত্যাখাত হওয়ার ঘটনায় সিলেট থেকে অপহরণের শিকার এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে অপহরণকারী জয় দাস (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) যৌথ টিম।
বুধবার (২২ জুলাই) র্যাব-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবক নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম সিলেট নগরীর করেরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় করেরপাড়া সিটি মডেল স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জয় দাস প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তের বোনজামাই রিংকু দাসের কাছে অভিযোগ করেন। তখন রিংকু দাস ভিকটিমকে আর বিরক্ত করা হবে না বলে আশ্বাস দেন।
গত ১৬ জুলাই দুপুর ৩টার দিকে ভিকটিম হাওলাদারপাড়ায় তার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ভিকটিম সেখানে না পৌঁছালে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, করেরপাড়া পয়েন্ট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় জয় দাস ও অজ্ঞাত পরিচয় দুই-তিনজন মিলে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে গেছে।
এই ঘটনায় ভিকটিমের বাবা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-৯ (সদর কোম্পানি) ও জালালাবাদ থানার একটি যৌথ টিম নেত্রকোনার খালিয়াজুরী থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মামলার প্রধান আসামি জয় দাসকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।



