জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, ‘খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে সকলের মাঝে পৌঁছে দেয়া হবে। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
শুক্রবার (৫ জুন) দুপুরে পটিয়া উপজেলার জলুর দিঘীপাড় এলাকায় উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত ডিজাইন অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন যে, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এক অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর ২য় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে যা ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে তৃণমূলের ক্রীড়াশৈলীকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘এই আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়া থেকে আগামীতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে এবং সকলের সম্মিলিত ও আন্তরিক সহযোগিতায় এই স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হবে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তরণদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, ‘পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।’
তিনি আরো বলেন, ‘পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।’
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো: দৌলতুজ্জামান খাঁন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম ২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটনসহ মহানগর, জেলা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগও বুদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



