সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানির ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



