কুমিল্লা প্রতিনিধি ও বুড়িচং সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পিটিয়ে ভাঙচুর করে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, হামলার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



