রাজশাহীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
গ্রেফতার ধর্ষণ মামলার আসামি দেব চন্দ্র দাস
গ্রেফতার ধর্ষণ মামলার আসামি দেব চন্দ্র দাস |নয়া দিগন্ত

রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে র‍্যাব-৫ রাজশাহী সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। তিনি চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে এজাহারনামীয় আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার একটি স্কুলের সামনে অভিযান চালিয়ে মামলার আসামি দেব চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে গ্রেফতারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।