টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো: ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো: ইয়াছিন আলী (৩০)।
স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে তারা একসাথে একটি নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে দু’জনের লাশ বাড়ি নিয়ে যান।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দু’জন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।



