ঈশ্বরগঞ্জে ধানবোঝাই ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ট্রলি মোস্তাফাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
নিহত মোস্তফা কামাল
নিহত মোস্তফা কামাল |নয়া দিগন্ত

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত মোস্তফা উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘জামাই মোস্তফা’ নামে পরিচিত ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফার ওপর উঠে যায়। এতে তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

‎খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত মোস্তফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসে।

‎ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’