শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে রাইড শেয়ারিং চালক সবুজ রহমান নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন
শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন |সংগৃহীত

রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় সবুজ রহমান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম বলেন, আমার ভাই সবুজ মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। রাতে তার মোটরসাইকেল একটি ভাড়া নিয়ে মগবাজার যাওয়ার পথে হিমাচল নামে একটি যাত্রী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সবুজ নীলফামারী জেলার ডিমলা থানার নটাবাড়ি এলাকার মশিউর রহমানের ছেলে। বর্তমান শ্যামলী এলাকায় থাকতেন। তার দুই সন্তান রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।