নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাসেল বসুনিয়া নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাসেল মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে চিলাহাটি থেকে নীলফামারী আসার পথে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকটির সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।



