কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ অংশে ডাম্পারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার ছগির আহমদের ছেলে রুবেল ও হোয়াইক্যং এলাকার বাসিন্দা আরমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রুবেল ও আরমান একটি মোটরসাইকেল করে টেকনাফ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘কেরুনতলী এলাকায় ডাম্পারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আমার ইউনিয়নের ফারিরবিল এলাকার রুবেল ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আরমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।’
স্থানীয়রা জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।



