গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আতাউর জানান, গেন্ডারিয়ার ডিস্টলারি রোডের ৯৫/৫ নম্বর একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামে। তিনি খোকন মিয়ার ছেলে। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।