রাজধানীতে ভবনের ছাদে বজ্রপাতে যুবকের মৃত্যু, শিশু আহত

তিনি আরো জানান, রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার চর রমণী এলাকায়। তার বাবার নাম মৃত মোহাম্মদ ইউসুফ। সে হাজারীবাগের বউবাজার এলাকার ৬২/২নং তার ভাই হৃদয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিল।

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ রিয়াজ
মোহাম্মদ রিয়াজ |ছবি : নয়া দিগন্ত

রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় একটি চারতলা বিল্ডিংয়ের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মোহাম্মদ হারুন বলেন, রিয়াজ গত পরশুদিন লক্ষ্মীপুর থেকে ভাই মোহাম্মদ হৃদয়ের বাসায় বেড়াতে আসে। বিকেলে ভাতিজি অন্তরাকে (৩) নিয়ে ভবনটির ছাদে ঘুরছিল। হঠাৎ করে আকাশে মেঘ করলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, পরে বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে দুইজনই ছাদেই পড়ে থাকে। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন ও অন্তরা নামের শিশু সিকদার মেডিক্যালে আইসিইতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার চর রমণী এলাকায়। তার বাবার নাম মৃত মোহাম্মদ ইউসুফ। সে হাজারীবাগের বউবাজার এলাকার ৬২/২নং তার ভাই হৃদয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।