রাজধানীর হাজারীবাগ থানার শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধা রহস্যজনক মৃত্যু হয়েছে। তার ছেলের দাবি, মানসিক সমস্যা গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃদ্ধা সালেহা কুষ্টিয়ার থানাপাড়া এলাকার মরহুম আব্দুল ওহাব খানের স্ত্রী। বর্তমানে হাজারীবাগে শাজাহান মার্কেট এলাকার একটি পঞ্চম তলা ভাড়া বাসায় ছেলের সাথে থাকতেন।
সালেহা বেগমের ছেলে ফজল খান বলেন, আমার মায়ের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। রাত ৯টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে জানালার গ্রিলের সাথে গলায় শাড়ি-কাপড় পেঁচিয়ে ঝুলে থাকেন। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, আলামত দেখে তার মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



