নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল ফটকে বাসের ধাক্কা, নিহত ১

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এবং এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নিজস্ব প্রতিবেদক
বাসটি ‘ব্রেক ফেইল’ করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পথচারীদের ওপর তুলে দেন
বাসটি ‘ব্রেক ফেইল’ করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পথচারীদের ওপর তুলে দেন |নয়া দিগন্ত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে হাসপাতালের প্রধান ফটকের দেয়াল ভেঙে রফিকুল ইসলাম নামে একজন পথচারী নিহত হয়েছেন। নিহত রফিকুল রেডিসন ব্লু হোটেলের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মহাখালীর দিক থেকে আসা বাসটি হাসপাতালের ফটকের সামনে থামার চেষ্টা করছিল। তবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ফটকের পাশের ফুটপাতে উঠে দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে রফিকুল নিহত হন। ঘটনাস্থলে উপস্থিত থাকা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান দাবি করেন, চালক কয়েকবার হর্ন দিয়েছিলেন। অন্যরা সরে গেলেও একজন পথচারী মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন এবং গাড়ির নিচে পড়ে যান।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এবং এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি ‘ব্রেক ফেইল’ করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পথচারীদের ওপর তুলে দেন। আমরা বাসটি জব্দ করেছি এবং চালককে আটক করা হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।