রাজধানীর বংশাল মুকিম বাজার শিয়া গলি এলাকার একটি মোটরসাইকেল পার্সের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে ।
এই ঘটনায় নাজমুল (৩৩) নামের আরেকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেলোয়ার ওই দোকানের মালিক।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন ও দগ্ধ নাজমুল নামের একজনকে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ হামিদুল জানান, সকালের দিকে বংশাল মুকিম বাজার শিয়া গলি মোটরসাইকেল পার্সের একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক মোহাম্মদ দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে দেলোয়ারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও নাজমুলকে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, নিহত দেলোয়ারের গ্রামের বাড়ি যশোর জেলার শর্শা থানা এলাকায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি বংশালের মুকিম বাজার শিয়া গলি এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



