পদোন্নতি ঠেকাতে অপপ্রচারের অভিযোগ ফিমার ডিজির

নয়া দিগন্ত অনলাইন

পদোন্নতির সম্ভাব্য সময়ের আগে হেয়প্রতিপন্ন ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুক।

ফেসবুকে দেয়া এক পোস্টে লিখিত প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে কতিপয় অখ্যাত গণমাধ্যমের একের পর এক সংবাদ প্রকাশের সময়কাল ও উপস্থাপনের ধরন তাকে উদ্বিগ্ন করেছে। এসব প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ওমর ফারুক বলেন, এগুলোর মাধ্যমে তার দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

দুদকের অনুসন্ধান নিয়ে তিনি বলেন, কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধান একটি আইনগত প্রক্রিয়া। অনুসন্ধান চলমান থাকা মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। কিন্তু কিছু সংবাদে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠকের কাছে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মনে হতে পারে। তার দাবি, তিনি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নন।