বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন

সহজ হবে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিনের গবেষণা, মাঠপর্যায়ের বাস্তবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং সরকারি ও উন্নয়ন সহযোগীদের সাথে যৌথ কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকাশনা দুটি প্রস্তুত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
‘একাডেমিয়া-শিল্প সহযোগিতা ও বই প্রকাশনা’ অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়
‘একাডেমিয়া-শিল্প সহযোগিতা ও বই প্রকাশনা’ অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয় |নয়া দিগন্ত

ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল প্রযুক্তির প্রসার এবং গবেষণার ফলকে বাস্তব প্রয়োগে কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর স্লোপ স্ট্যাবিলাইজেশন ইউজিং ভেটিভার গ্রাস’ ও ‘ভেটিভারভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং ফর স্লোপ স্ট্যাবিলাইজেশন : অ্যা প্র্যাকটিক্যাল গাইডলাইন ফর বাংলাদেশ’ নামে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) সেমিনার কক্ষে ‘একাডেমিয়া-শিল্প সহযোগিতা ও বই প্রকাশনা’ অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়। সামুদা কনস্ট্রাকশন লিমিটেড ও রাইজের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাঙ্গন, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরামর্শক প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন রাইজের পরিচালক ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণাকে বাস্তব প্রকৌশল সমাধানে রূপ দিতে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।’

অনুষ্ঠানে বই দুটির লেখক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘প্রথম বইটিতে ভেটিভার প্রযুক্তির বৈজ্ঞানিক ভিত্তি, প্রকৌশল নীতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কারিগরি নির্দেশিকা তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় বইটি বাংলাদেশের ভৌগোলিক, জলবায়ুগত ও প্রকৌশলগত বাস্তবতা বিবেচনায় প্রস্তুত করা হয়েছে। এতে স্থানীয় নির্মাণ পদ্ধতি, বাস্তবায়ন কৌশল, নকশার উদাহরণ ও মাঠপর্যায়ে অনুসরণযোগ্য দিকনির্দেশনা স্থান পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুটি বই একসাথে ভেটিভারভিত্তিক ঢাল স্থিতিশীলকরণ ব্যবস্থার পরিকল্পনা, নকশা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করবে। সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, প্রকৌশলী, গবেষক, নীতিনির্ধারক, পরামর্শক, ঠিকাদার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এগুলো কার্যকর তথ্যসূত্র হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিনের গবেষণা, মাঠপর্যায়ের বাস্তবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং সরকারি ও উন্নয়ন সহযোগীদের সাথে যৌথ কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকাশনা দুটি প্রস্তুত করা হয়েছে। এগুলোর মাধ্যমে দেশের সড়কের ঢাল, নদীতীর, বাঁধ, পাহাড়ি এলাকা এবং ক্ষয়প্রবণ অঞ্চলে টেকসই ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে ভেটিভার প্রযুক্তির ব্যবহার আরো সহজ হবে।