ববিতে রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে।

Location :

Barishal
রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার
রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ‘রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে।’

নজরুল ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে ভিসি বলেন, ‘তাদের লেখনি আমাদের জন্য আজও পাথেয় হয়ে আছে। একটি লেখা যেমন একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তেমনি পুরো একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে। রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম তাদের জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। বিশেষ করে নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আহ্বান জানান, শুধু ভোগ-বিলাস বা অর্থের মোহের পেছনে না ছুটে মানবিক মূল্যবোধ ধারণ করে ভালো মানুষ হতে হবে। জীবনের সবচেয়ে বড় সার্থকতা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, কারণ একজন ভালো মানুষ যেকোনো পরিবেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার।

সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুইজন বিশিষ্ট গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. ভীষ্মদেব চৌধুরী আলোচনা করেন ‘রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা’ বিষয়ে।

কবি নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক, নজরুল গবেষক, প্রাবন্ধিক এ এফ এম হায়াতুল্লাহ বক্তব্য রাখেন ‘নজরুল মানস ও নজরুলবিশ্বে বাংলাদেশ’ বিষয়ে।

আলোচকরা বাংলা সাহিত্যে দুই মহাকবির অসামান্য অবদান, তাদের সাহিত্যচিন্তা, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং সমকালীন সমাজে তাদের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরেন। সেমিনারে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।