কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় নাজিব ওয়াদুদের ৬৫ বছরের পথচলা

কথাসাহিত্য, অনুবাদ, সাংবাদিকতা, চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণায় দীর্ঘদিনের নিরলস অবদানের মধ্য দিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ। বহুমাত্রিক এই সৃজনশীল ব্যক্তিত্ব সোমবার (২০ জুলাই) ৬৬ বছরে পদার্পণ করছেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় নাজিব ওয়াদুদের ৬৫ বছরের পথচলা
কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় নাজিব ওয়াদুদের ৬৫ বছরের পথচলা |নয়া দিগন্ত

কথাসাহিত্য, অনুবাদ, সাংবাদিকতা, চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণায় দীর্ঘদিনের নিরলস অবদানের মধ্য দিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ। বহুমাত্রিক এই সৃজনশীল ব্যক্তিত্ব সোমবার (২০ জুলাই) ৬৬ বছরে পদার্পণ করছেন।

১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠের শ্যামপুর গ্রামে তার জন্ম। সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কথাশিল্পী ও অনুবাদক হিসেবে নাজিব ওয়াদুদ সুপ্রতিষ্ঠিত।

এ পর্যন্ত তার ২৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সাহিত্যের পাশাপাশি চিকিৎসা ও গবেষণাক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে অবসরে গেলেও বর্তমানে একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য গবেষক হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য সাময়িকীতে তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সাংবাদিকতাতেও নাজিব ওয়াদুদের রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবন। বর্তমানে তিনি দৈনিক ‘রাজশাহী সংবাদ’-এর প্রধান সম্পাদক এবং ‘প্রিয়জন টিভি’-র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক ‘প্রথম প্রভাত’, ‘নতুন প্রভাত’ ও ‘লাল গোলাপ’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ‘দ্য ডেইলি স্টার’, ‘নিউ এজ’ এবং দৈনিক ‘নয়া দিগন্ত’সহ বিভিন্ন জাতীয় দৈনিকে স্টাফ রিপোর্টার ও ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে সোমবার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘বরেন্দ্রভাষ্যের রূপকার কথাশিল্পী নাজিব ওয়াদুদ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে লিটল ম্যাগাজিন ‘সারবত্তা’ ও ‘রৌদ্রলিপি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কবি ও প্রাবন্ধিক ড. অনীক মাহমুদ।

এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী মইন শেখ।

আলোচনা সভায় অংশ নেবেন কবি ও গল্পকার মোস্তাক রহমান, কবি ও প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, গল্পকার ও গবেষক ড. আবু নোমান, কবি ও প্রাবন্ধিক সায়ীদ আবু বকর, কবি ও প্রাবন্ধিক ড. ফজলুল হক তুহিনসহ দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে নাজিব ওয়াদুদের সাহিত্য, গবেষণা, চিকিৎসা ও সাংবাদিকতায় বহুমাত্রিক অবদান নতুন প্রজন্মের সামনে আরো বিস্তৃতভাবে তুলে ধরা হবে। একই সাথে তার দীর্ঘ সৃষ্টিশীল কর্মযাত্রা, সাহিত্যভাবনা এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে।