জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, অভিনয়, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত।
সবশেষে পরিবেশিত হয় জুলাই আন্দোলনে বরিশালের প্রেক্ষাপট তুলে ধরে নির্মাণ করা তথ্যচিত্র। এই তথ্য চিত্রে জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহকারীদের সাক্ষাৎকার ও আন্দোলনের মাঠের বাস্তব ফুটেজ তুলে ধরা হয়।
সাংস্কৃতিক পরিবশেনায় পরিবেশনায় অংশ নেয়— বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল মহানগর শাখার শিল্পীরা।
এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আসিফুল হক। এছাড়া বরিশাল জেলা ও মহানগর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় সার্বিক আয়োজন উপভোগ করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনষ্ঠিত হয়।



