৪০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে কবি লায়লা রাগিবকে স্মরণ

১৯৮৬ সালের ৯ জুলাই মাত্র ৩০ বছর বয়সে সত্তরের দশকের এই প্রতিভাবান আধুনিক কবি লায়লা রাগিব মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্ম আজও বাংলা কবিতাপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সত্তরের দশকের আলোচিত কবি, সিলেট লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কবি সংলাপ পত্রিকার সম্পাদক কবি লায়লা রাগিবের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর কবিতা অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেন, কবি লায়লা রাগিব বাংলা কবিতায় সহজ ভাষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার রাতে নগরের দরগাগেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর মিলনায়তনে কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ, সিলেট এ স্মরণসভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, অল্প সময়ের সাহিত্যজীবন হলেও কবি লায়লা রাগিব তাঁর লেখনির মাধ্যমে সমাজকে আলোকিত করে গেছেন। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি সহজ-সরল ভাষায় কবিতা রচনার যে ধারা সৃষ্টি করেছেন, তা বাংলা সাহিত্যে বিশেষ অবদান হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, 'ঠোঁটের ভাষায় কবিতা লিখুন'—এই স্লোগানের মাধ্যমে কবি লায়লা রাগিব বাংলা কবিতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তার কবিতায় প্রেম, বিরহ, সমাজবাস্তবতা ও মানবিক মূল্যবোধের প্রকাশ ঘটলেও কোথাও অশ্লীলতার স্থান ছিল না। নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকে পৌঁছে দিতে গবেষণা ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ সিলেটের সভাপতি কবি বেলাল আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক কাউসার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাহিত্যিক জামান মাহবুব এবং সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি রওশন আরা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কবি ও সাহিত্যিক অধ্যাপক বাছিত ইবনে হাবিব।

কবি পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কবি লায়লা রাগিবের স্বামী, প্রখ্যাত কবি রাগিব হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ও লেখক ইশরাক জাহান জেলী।

অনুষ্ঠানে আরে া বক্তব্য দেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবি মুহিত চৌধুরী, রুহুল ফারুক, আহমদ মাহবুব ফেরদৌস, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, নাজমুল আনসারী, জাহেদুর রহমান চৌধুরী, এখলাসুর রহমান, মুশতাক চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, রাহনামা শাব্বির চৌধুরী, কাউসার আরা ও নিলুফা ইসলাম নিলুসহ বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে কবি লায়লা রাগিবের কবিতা আবৃত্তি করেন কবি মাওলানা আলী আহমদ। এছাড়া কবিকে উৎসর্গ করে রচিত কবিতা পাঠ করেন কবি নিশাত ফাতেমা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ এবং শেষে কবির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ রেজাউল হক।

স্মরণসভায় কবির পুত্র লবিদ হোসেন চৌধুরীসহ সিলেটের বিপুলসংখ্যক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ৯ জুলাই মাত্র ৩০ বছর বয়সে সত্তরের দশকের এই প্রতিভাবান আধুনিক কবি লায়লা রাগিব মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্ম আজও বাংলা কবিতাপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।