মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে পুরো এপ্রিল জুড়ে। সেইসাথে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত তীব্র গরম থাকবে। এর পর আগামী সপ্তাহে বৃষ্টি ঝরার পর চলমান তাপপ্রবাহ কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি বলেন, মঙ্গলবার রাজশাহী, পাবনা, নঁওগা, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর ও রাঙামাটি জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ওমর ফারুক বলেন, ‘তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। এরপর ৫ এপ্রিল কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে।’
এপ্রিলের দীর্ঘমেয়দী পূর্বাভাসে তিনি জানান, বঙ্গোপসাগরে একটি থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
চলতি মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং এক তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এ মাসে দেশে ২-৪টি মৃদু মাঝারি এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।



