ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও সান্তোসের হয়ে শেষটা ভালো হলো না নেইমারের। হাত দিয়ে জালে বল জড়ালেন তিনি। লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। বিদায়ের বেদনা নিয়ে বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায় নেইমারের দল সান্তোস।
ব্রাজিলিয়ান লিগে রোববার বোতাফোগোর বিপক্ষে মাঠে নেমে হেরে যায় সান্তোস। তবে সব ছাপিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে নেইমার। তবে এবার ভিন্নভাবে নিজেকে হাজির করলেন দর্শকদের সামনে। হাতে গোল দিয়ে জন্ম দিয়েছেন হাস্যরসের।
মাঠে ফেরার অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের নেইমারকে পেতে এখনো চলছে অপেক্ষা। সহসাই আনচেলত্তির দলে ডাক পাচ্ছেন না তিনি। এর মধ্যে আলোচনায় এলেন নতুনভাবে।
এই সবের মাঝেই রোববার হাত দিয়ে গোল করার মতো অদ্ভুত কাণ্ড। সান্তোসের হয়ে গেল মার্চের পর আজই প্রথম শুরুর একাদশে নেমে সৃষ্টি করলেন হাস্যরস। এই ঘটনা ঘটে ৭৬ মিনিটে।
এর আগে গোলশূন্য শেষ হয় সান্তোস ও বোতাফোগোর প্রথমার্ধ। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। আর ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। যা পরিণত হয় লাল কার্ডে।
গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে।বোতাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার। ফলে দশজনের দলে পরিনত হয় সান্তোস।
১০ জনের সান্তোসকে ম্যাচে বাকি থাকা সময়ে চেপে ধরে বোতাফোগো। ৮৬তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। আর সেই এক গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বোতাফোগো।
এদিকে লিগে ভালো অবস্থায় নেই নেইমারের দল সান্তোস। রেলিগেশন জোনে রয়েছে তারা। ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে তারা। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে রয়েছে বোতাফোগো।



