কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ, প্রত্যাশিত জয়ই পেয়েছে ব্রাজিল। লাতিন-বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ফিউচার স্টার দলকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো।
শারীরিক সামর্থ্য বা কৌশল সব দিক থেকেই স্বাগতিকদের থেকে এগিয়ে ব্রাজিল। মাঠেও দেখা গেল একই রূপ, ভিতিনিও-মিরান্দারা পাসিং ফুটবলে শৈল্পিক ফুটবলের পসরা মেলে বসেন তারা।
শুক্রবার শুরু হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল নিয়ে লাতিন-বাংলা সুপার কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও বাংলাদেশ।
ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত গোলমুখ অক্ষত রাখে বাংলাদেশ। তবে এরপর বাইলাইনের একটু উপর থেকে মেন্দেসের কাট ব্যাকে মুরিওর জোরালো প্লেসিং শট এগিয়ে নেয় সাও বার্নার্দোকে।
৩১ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। আক্ষেপে পুড়ে গোটা গ্যালারি।
এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ৫০ মিনিটে উরি ভিয়ানার সফল স্পট কিকে ব্যবধান আরো বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। আর ৬৫তম মিনিটে লক্ষ্যভেদ করেন ভিতিনিও। স্কোর তখন ৪-০।
শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে বারবার হতাশ হতে হয়। ৮০ মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে সান্ত্বনার গোলও পাওয়া হয়নি স্বাগতিকদের। ৪-০ ব্যবধানেই হারে স্বাগতিকেরা।



