বিনোদন প্রতিবেদক
এই সময়ের গুণী সিনেমাটোগ্রাফার মো: মশিউর রহমান বিগত বেশ কয়েক বছর ভালো ভালো গল্প নিয়ে নিয়মিত নাটক নির্মাণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার একটু ট্রেন্ডি গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন তিনি। নাটকের নাম ‘শর্টকাট লাভ ম্যারেজ’। নাটকে এবারই প্রথম মশিউর রহমানের নির্দেশনায় একসাথে নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের তরুণ দুই অভিনয় শিল্পী আফজাল সুজন ও স্পর্শিয়া মিম। অভিনয়ের দুনিয়ায় আফজাল সুজন ও স্পর্শিয়া মিমের পথচলা বলা যায় একই সাথে। ঈগল প্রযোজিত নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে তাদের পথচলা। এরপর আরো বেশ কিছু নাটকে অভিনয় করার পর তারা ঈগলের বাইরে নাটকে কাজ করা শুরু করেন। বিগত বেশ কয়েক বছরে দু’জনেই ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মশিউর রহমানেরই মেয়ে সুকন্যা রহমান মাইশা। নাটকটির গল্প রচনা করেছেন মশিউর রহমানের স্ত্রী শান্ত¡না আখতার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফজাল সুজন বলেন, ‘এর আহে মশিউর ভাইয়ের নির্দেশনায় আমার কাজ করার সুযোগ হয়ে উঠেনি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লাগল। আমি নাটকে ওবায়দুল চরিত্রে অভিনয় করেছি। ঘটনাক্রমে আইরিনের সাথে আমার পরিচয় হয়। সে খুব খেতে ভালোবাসে। খাওয়া দাওয়ার ঘটনা নিয়েই একসময় পরিচয় হয়, পরিচয়ের পরপরই হঠাৎ করেই তাকে আমি বিয়ের প্রস্তাব দেই। এগিয়ে যায় গল্প। মিমের সাথে এর আগেও আমার একসাথে অনেক নাটকে কাজ করা হয়েছে। তবে এই নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ স্পর্শিয়া মিম বলেন, ‘মশিউর ভাইয়ের নির্দেশনায় এর আগে চার-পাঁচটি নাটকে অভিনয় করেছি। তবে তার নির্দেশনায় সুজনের সাথে এবারই প্রথম কাজ করা। নাটকে আমার চরিত্রের নাম আইরিন। যে সবসময়ই কিছু না কিছু খেতে ভালোবাসে। একসময় ওবায়দুলের কাছেই খাওয়ার আবদার করি। ওবায়দুল আমাকে কিছু একটা খাওয়ানোর অল্প সময়ের মধ্যেই বিয়ের প্রস্তাব দেয়। গল্পটা ট্রেন্ডি, মশিউর ভাই বেশ যতœ নিয়ে নির্মাণ করার চেষ্টা করেছেন।’ আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে বলে জানালেন মশিউর রহমান।



