‘গ্রাহক হয়রানি প্রতিরোধের’ নামে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরিপত্রের খসড়ায় ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ‘স্বচ্ছতা’ ও ‘জবাবদিহিতা’ নিশ্চিত করার কথা বলা হলেও মূলত এতে বন্ধ হবে বাংলাদেশের হাজার হাজার ট্রাভেল এজেন্সি, বেড়ে যাবে গ্রাহক হয়রানি।
পরিপত্রের খসড়ার (ণ)- ধারাতে লেখা হয়েছে, ‘এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সাথে টিকিট ক্রয়-বিক্রয় করিতে পারিবে না।’
খসড়া পরিপত্রের এই ধারার বিরোধিতা করে ট্রাভেল এজেন্সিগুলো বলছে, বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট (বি-টু-বি) মডেল প্রচলিত, যেখানে এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করতে পারে। বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় হলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। পাশাপাশি এই সেক্টরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশে বর্তমানে ৫৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে। তাদের মধ্যে মাত্র ৯৭০টি ট্রাভেল এজেন্সি আয়াটার স্বীকৃতিপ্রাপ্ত। ৯৭০টির মধ্যে কেবল ৩৫০টি ট্রাভেল এজেন্সির কাছে এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সসহ বড় বড় এয়ারলাইন্সের টিকিট বিক্রির অনুমতি (ক্যাপিং) আছে। এমনকি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথোরিটি পেতে হলে আয়াটাসহ সব মিলে ৪০ লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। এ ছাড়াও এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজের মতো বাজেট এয়ারলাইন্স রয়েছে যাদের টিকিট আয়াটাতে পাওয়া যায় না।
ফলে দেশের ৫ হাজারেরও বেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি টিকিট সংগ্রহের জন্য এই ৩৫০টি ট্রাভেল এজেন্সির ওপর নির্ভরশীল। যদি সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয়-বিক্রয় করতে না পারে সেক্ষেত্রে এই ৫ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত মাঝারি ও ছোট পরিধির প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।
মঈন ট্রাভেলসের স্বত্বাধিকারী মো: গোফরান চৌধুরী বলেন, ‘জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ, এই বছরের প্রথম ৩ মাসে আমি নিজে মাত্র ৮টি টিকিট ইস্যু করেছি। বাকি টিকিটগুলো অন্য লাইসেন্সধারী এজেন্সি থেকে কেটেছি। আমরা শত চেষ্টা করলেও কম টাকার ব্যাংক গ্যারান্টি থাকার কারণে বড় এয়ারলাইন্সগুলো আমাদের টিকিট বিক্রির অথরিটি দেবে না। এই পরিপত্র জারি করলে আমাদের ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।’ তিনি আরো বলেন, এই নতুন বিধিনিষেধ কার্যকর হলে বড় ট্রাভেল এজেন্সিগুলোই বাজার নিয়ন্ত্রণ করবে। কম পুঁজির এজেন্সিগুলো টিকিট সংগ্রহের সুযোগ হারাবে, তাই তারা বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। ফলে এয়ার টিকিটের বাজার কয়েকটি বড় কোম্পানির হাতে চলে যাবে এবং একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হবে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলো এর সুযোগ নেবে।
* বিশ্বে কোথাও আয়াটা বাধ্যতামূলক নয়, কার স্বার্থে এমন সিদ্ধান্ত? খসড়া পরিপত্রের (ঙ) ধারায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন- আয়াটার (ওঅঞঅ)- স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে। এজেন্সিরা বলছে, আয়াটা হচ্ছে একটি টিকিট সেলিং প্ল্যাটফর্ম। পৃথিবীতে দুই ধরনের ট্রাভেল এজেন্সি থাকে। আয়াটা (ওঅঞঅ) এবং নন-আয়াটা (ঘড়হ-ওঅঞঅ) ট্রাভেল এজেন্সি। তবে পৃথিবীর কোথাও ট্রাভেল এজেন্সির ব্যবসা করার জন্য আয়াটার মাধ্যমে টিকিট বিক্রি বাধ্যতামূলক নয়।
সাধারণত বড় বড় ট্রাভেল এজেন্সিগুলো আয়াটার সদস্যপদ লাভ করে। কারণ আয়াটাতে সব এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে কোটি কোটি টাকার ব্যাংক গ্যারান্টির পাশাপাশি কয়েক বছর অপেক্ষা করতে হয়। তা ছাড়া আয়াটাতে কম টাকার ব্যাংক গ্যারান্টিতে সব এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি পাওয়া যায় না।
একটি এজেন্সিকে আয়াটার সদস্যপদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে ৬ মাস ব্যবসা করতে হয়। পাশাপাশি সর্বনিম্ন ৩০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টিসহ আরো নানা কাগজপত্র আয়াটার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বরাবর জমা দিতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে এই ৩০ লাখ টাকার গ্যারান্টিতে মাত্র ৩-৪ টি এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি পাওয়া যায়। ট্রাভেল এজেন্সি গ্যারান্টিকৃত অর্থের সর্বোচ্চ ৭০% অর্থাৎ ২১ লাখ টাকার টিকিট কিনতে পারে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার কর্তৃক নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে ৪৪৭৬টি অর্থাৎ ৮৩%-এরই আয়াটার স্বীকৃতিপত্র নেই। ফলে নতুন পরিপত্র জারির সাথে সাথে এই এজেন্সিগুলো আর টিকিট বিক্রি করতে পারবে না। ফলে টিকিটের সঙ্কট দেখা দেবে, ভোগান্তিতে পড়বে যাত্রী সাধারণ।
এ ছাড়াও ট্রাভেল এজেন্সিগুলোর সাথে কথা বলে জানা গেছে, দেশে আয়াটার স্বীকৃতিপত্র পাওয়া যায় সব ট্রাভেল এজেন্সিই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, নোয়াখালী ও রাজশাহী শহরে। বর্তমানে বাকি শহরগুলোতে লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয়-বিক্রয় করে ব্যবসা পরিচালনা করছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যদি আয়াটার স্বীকৃতি নেয়া বাধ্যতামূলক করা হয় সেক্ষেত্রে দেশের আনাচেকানাচে থাকা ৪৪৭৬ টি ট্রাভেল এজেন্সির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ফলে এসব শহরের বাইরের যাত্রীদের টিকিট কাটতে কষ্ট করে তাদের পার্শ্ববর্তী জেলা শহরের আয়াটা ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে, এতে টিকিটের মূল্য বেড়ে যাবে।
কার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এ নিয়ে ট্রাভেল এজেন্সি ব্যবসা সংশ্লিষ্টরা সংশয় প্রকাশ করেছেন।



