অবৈধ সম্পদ ও অর্থ আত্মসাৎ

আমু, পুতুলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও তার পরিবার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে আমির হোসেন আমু পরিবারের বিরুদ্ধে তিনটি এবং পুতুলের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন মামলাগুলোর বিষয় জানান।

আমু পরিবারের বিরুদ্ধে ৩৮ কোটি টাকার সম্পদের তিন মামলা : ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠী-২ আসনের সাবেক সংসদ সদস্য আমীর হোসেন আমু, তার শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক।

প্রথম মামলায় আমুর বিরুদ্ধে ২৬ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৪৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৪টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার শ্যালিকা সৈয়দা হক মেরী ও আমুকে আসামি করা হয়েছে। অভিযোগে সৈয়দা হক মেরীর কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও আমুর সহযোগিতায় অবৈধ উপায়ে সাত কোটি ৬৬ লাখ ৯১ গাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ তার নামীয় ১৩টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬৮ লাখ ৪১৭ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় মেরীর মেয়ে সুমাইয়া হোসেন ও আমুকে আসামি করা হয়েছে। অভিযোগে আমুর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে চার কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ তার নামীয় ১৮টি ব্যাংক হিসাবে মোট ৪৮ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৬৪২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

সূচনা ফাউন্ডেশনের ৩৩ কোটি আত্মসাৎ : পুতুল ও নজরুলের বিরুদ্ধে মামলা : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সাথে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছে দুদক।

দুদক জানায়, গতকাল বৃহস্পতিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দু’টি দায়ের করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলার এজাহারে বলা হয়েছে, অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে একটি বায়োডাটা দাখিল করেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে সেই কাজের সাথে সম্পর্কিত বলে দাবি করে আবেদন করেন। পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করে দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আরেকটি মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মজুমদারের সহযোগিতায় সায়মা ওয়াজেদ পুতুল তার সূচনা ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ২০টি ব্যাংককে তাদের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে ৩৩ কোটি টাকা দিতে বাধ্য করেছেন।