এই সেই শিরতাজ

Printed Edition
এই সেই শিরতাজ
এই সেই শিরতাজ

বিনোদন প্রতিবেদক

২০২৩ সালে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘সুইট কিস’ নামক একটি নাটক ইউটিউবে প্রকাশ হওয়ার পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই নাটকের প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছিলেন জোভান ও কেয়া পায়েল। তবে আরো একটি চরিত্র দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। জোভান ও কেয়া পায়েলের সিনিয়রের চরিত্রে অভিনয় করেছিলেন সেই অভিনেত্রী। নাটকের শুরুতেই অর্থাৎ ছয় মিনিটের মাথায় একটি দৃশ্যে সেই অভিনেত্রীর মুখের একটি সংলাপ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সংলাপটি হলো- ‘তোরা সিনিয়র হলে আমরা কারা’। এই সংলাপের পুরো দৃশ্যটিই ‘সুইট কিস’ নাটকের মধ্যে আলোচিত দৃশ্য। আর সেই অভিনেত্রীর নাম শিরতাজ জেবিন। শিরতাজ খুব কম নাটকে অভিনয় করেন বিধায় তাকে সচরাচর কোনো শুটিং হাউজে সহসাই দেখা যায় না। তবে শিরতাজ এরই মধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় জাকারিয়া সৌখিনের ‘এক মুঠো প্রেম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। একজন অভিনেত্রীর রিপ্লেসম্যান্ট হয়েই নাটকে তার যাত্রা শুরু। এরপর মাইদুল রাকিবের ‘গরুর মাংস টু’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘মিশন চাঁদ’, ‘বিয়ে’, ওমসমান মিরাজের ‘বয়ফ্রেন্ডের বিয়ে’, ‘ছেলেরা যেমন হয়’, খায়রুল পাপনের ‘শারীরিক শিক্ষা’, শরাফ আহমেদ জীবনের ‘বকুলফুল’, রায়হান শরীফের ‘কবি সাবধান সামনে বিয়ে’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন শিরতাজ জেবিন। এরই মধ্যে শিরতাজ নিকোল কুমার মণ্ডলের ‘জামাইয়ের গার্লফ্রেন্ড’, মাহমুদুর রহমান হিমির ‘মায়াবতী’ নাটকের কাজ শেষ করেছেন। এই দুটো নাটক নিয়েও ভীষণ আশাবাদী শিরতাজ। তুহিন হোসেনের ধারাবাহিক ‘চিরকুমার সংঘ’তে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শিরতাজ। শিরতাজের জন্ম বগুড়ায়। তার বাবা জামান ফেরদৌস ও মা মৌসুমী আক্তার। তার একমাত্র ছোট ভাই মাহিন। শিরতাজের জন্মদিন ১৮ মে। আর ক’দিন পরই তার জন্মদিন। জন্মদিনে বাবা-মা আর ভাইয়ের সাথেই উদযাপন করার চেষ্টা করেন।