অপারেশন ডেভিল হান্ট আরো সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে

Printed Edition

অপারেশন ডেভিল হান্ট আরো সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে- এমন সংবাদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, কোর কমিটিতে আমরা এই ধরনের (নাম পরিবর্তন) কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিং হয় কাজকর্মের অগ্রগতি দেখার জন্য। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় বাড়ানোর দরকার নাই, কোথায় লোকবলের অপচয়, রোজার মাসে জনবল সাশ্রয় করে আমরা সর্বোচ্চ কী কী কাজ করতে পারি, কোন কোন জায়গায় আমাদের যৌথ টহলের দরকার নেই- সেগুলো আমরা আলাপ-আলোচনা করেছি। মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা নেই বলে জানান তিনি।

নাসিমুল গনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই পরীক্ষা করা হয় যে ফলাফল কী হচ্ছে, কোথাও নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কি না, দরকার আছে কি না এসব। যখন দেখা যায় সমস্যা নেই, তখন আমরা সেখান থেকে সরে আসছি। অন্য যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে কাজ করছি। এখন আমরা ঢাকা শহরের দিকে নজর দিচ্ছি। ছিঁচকে যেগুলো ঘটছে সেগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিব বলেন, আমি রোববার ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানে গত ডিসেম্বর মাসে খুন হয়েছে দুটো। জানুয়ারি মাসে খুন হয়েছে একটি, গত ফেব্রুয়ারি মাসে একটি খুনও হয়নি। কিন্তু গত বছরের জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে দশটা করে খুন হতো। তিনি বলেন, আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদের নিয়ে এসেছি, তারা কোনো দিন ঢাকা শহর দেখেনি।

তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরা নতুন কৌশল ব্যবহার করছি।

সচিব বলেন, আগে কিশোর গ্যাংয়ের এইরকম ব্যাপার ছিল না। অল্পবয়সী ছেলেরা দৌড়াচ্ছে, আমার ভারী বুট পরা পুলিশ তার পেছনে দৌড়াতে পারে না। এজন্য কী ব্যবস্থা করা যায়, সেই বিকল্প ব্যবস্থা আমরা করছি।

সরকার আরো কঠোর হচ্ছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, কঠোর হওয়ার কিছু নেই, কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই করছি আমরা।

অপারেশন ডেভিল হান্ট কত দিন চলমান থাকবে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, এজন্য আমরা প্রতি সপ্তাহে পর্যালোচনা করি। যে ফোর্সের দরকার নেই, সেটা রেখে তো আমার লাভ নেই। একটা প্রসেস আছে।

কোনো কিছুই তো আর সারাজীবন থাকে না। রোজা ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী অ্যাকশনে যাচ্ছে তারা।

মবের বিষয়ে সচিব বলেন, মব অর্গানাইজডভাবে হয় না। কেউ একটা হুজুগ তুলে দেয়। মেয়েগুলো ওখানে অর্গানাইজড ওয়েতে বসেনি বলে আমার ধারণা। লোকগুলো যে সংগঠিত হয়ে সেখানে এসেছে তাও না।

এগুলো তো আগে থেকে অনুমান করা সম্ভব না। আমাদের আরো একটু সময় লাগবে জাতিগতভাবে আরো একটু ওপরে যেতে। তখন এগুলো নিয়ে আর এত ঝামেলা হবে না।

মবের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হচ্ছে না, এতে অন্যরা উৎসাহিত হচ্ছে কিনা- এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, যেসব জায়গায় এ ঘটনাগুলো হচ্ছে, সেখানে যদি তথ্য-প্রমাণ থাকে, যেসব জায়গায় এগুলো নিয়ে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাড্রেস করেন।

তিনি বলেন, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখব না। এটুকু বলতে পারি, যাতে আগে যে অবস্থা ছিল তার থেকে আরো ভালো অবস্থায় যেতে পারি।