সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন ছয় বছর বয়সের ছোট্ট আদনান। সরাইল বিকাল বাজার আবরারিয়া মডেল মাদরাসা থেকে আদনান এ অল্প সময়ের মধ্যে হেফজ সম্পন্ন করেছেন।
আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র ছয় বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল। এত অল্পসময়ে খুব কমসংখ্যক ছাত্রই হাফেজ হতে পারে।
তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছেলে আদনান ২০২৩ সালে এই মাদরাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কুরআন শরিফ নাজেরা পড়েছে। তাকে কুরআন শরিফ মুখস্ত করার জন্য দেয়ার পর দুই মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে সে করে ফেলেছে।
হাফেজ আদনানের এ অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত। হাফেজ আদনানসহ আবরারিয়া মডেল মাদরাসার সব ছাত্র ও শিক্ষকদের জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।



