অভি মঈনুদ্দীন
বিশ্বব্যাপী জনপ্রিয় আরবি বর্ণমালাভিত্তিক গান ‘আলিফুন বা’ এবার বাংলাদেশের কিডস ক্রিয়েশন টিভি দ্বারা থ্রিডি অ্যানিমেশন আকারে উপস্থাপন করা হয়েছে। প্রায় দেড়যুগ ধরে শিশুদের বর্ণমালা শেখানোর জন্য ব্যবহৃত এই গানটি সম্প্রতি প্রথমবারের মতো থ্রিডি কার্টুন হিসেবে প্রকাশিত হয়েছে।
ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় কার্টুন সিরিজ ‘আব্দুল্লাহ’ ও তার দাদুর চরিত্রে গানটি উপস্থাপন করা হয়েছে।
গানটির বাংলা ভার্সন লিখেছেন গীতিকবি বিলাল হোসাইন নূরী, সুর করেছেন শিল্পী ও সুরকার মশিউর রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন মিরাদুল মুনীম। গানটিতে কণ্ঠ দিয়েছেন মশিউর রহমান, শিশুশিল্পী মুমতাহিনা বিনতে আমিন, তাসনীম ফারহান মাহীর এবং ফাতিন ইসশরাক মাহিরা।
থ্রিডি অ্যানিমেশনের কাজটি করেছেন মাজেদুর হাসু, মিজানুর রহমান ও হাদিসুর রহমান। ৯ মাসে গানটি দু’টি ইউটিউব চ্যানেলে প্রায় ৪৩ মিলিয়ন ভিউ অর্জন করেছে। কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদের পরিকল্পনায় এই প্রকল্পটি তৈরি করা হয়েছে, যা শিশুদের জন্য একটি নতুন ধরনের বিনোদন ও শিক্ষা উপকরণ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।



