মুক্তজীবনে ফিরলেন নারায়ণগঞ্জের আলোচিত জাকির খান

Printed Edition
মুক্তজীবনে ফিরলেন নারায়ণগঞ্জের আলোচিত জাকির খান
মুক্তজীবনে ফিরলেন নারায়ণগঞ্জের আলোচিত জাকির খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  • ৩৩ মামলার মধ্যে ৩২টিতে খালাস একটিতে জামিন পেয়ে কারামুক্ত
  • নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শোডাউন

জামিনে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ৩৩ মামলার মধ্যে ৩২ মামলায় খালাস এবং একটি মামলায় জামিন পেয়ে গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে রাজকীয়ভাবে বরণ করে নেন নেতাকর্মীরা।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করে। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন। নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে লিংক রোড হয়ে চাষাঢ়া ২ নম্বর রেলগেট মণ্ডলপাড়া হয়ে দেওভোগ পৈতৃক বাড়িতে যান তিনি। এ সময় বাড়ির সামনে দাদা সাকিম আলী ও বাবা দৌলত হোসেন খানের কবর জিয়ারত শেষে মা আছিয়া খানমের বুকে গেলে আবেগ আপ্লুত পরিবেশ সৃষ্টি হয়। ছেলেকে ২৪ বছর পর বুকে পেয়েছে কান্নায় ভেঙে পড়ে মা আছিয়া খানম।

জাকির খানের মা আছিয়া খানম বলেন, মৃত্যুর আগে ছেলেকে পেয়েছি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজ (রোববার) থেকে আমার সব ছেলেরা সামনে থাকবে-এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। জাকির কোনো সময় অপরাধ করতে পারে না। এ দিকে বাবাকে পেয়ে ছেলে কারগিল খান বলেন, আজ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়েছি। বাবা কখনো প্রকাশ্যে বুকে ধরতে পারি নাই। আজ বাবা (জাকির খান) কে নিয়ে হাজারো ভালোবাসার মানুষ পেয়েছি। সব বাবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।

এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন জাকির খান। এ ছাড়া গত ২৪ বছর ধরে তিনি কখনো কারগারে কখনো দেশ বিদেশে ফেরারি জীবনযাপন করেন। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকির খান। ফলে শামীমের পুরো ক্ষমতা থাকাকালে জাকির খানকে বেছে নিতে হয়েছিল ফেরারির জীবন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সন্ত্রাস বিরুদ্ধে একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেয়া হয় ।

জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন।

কারামুক্ত হয়ে জাকির খান বলেন, আমি ওয়াদা করছি, তারেক রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করবোই। আর ফিলিস্তিনে মুসলিম উম্মাহর ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ না করলে আমরা মুসলমানই না।