ঐ এলো রমজান

জাফর আহমাদ

আল্লাহর অবারিত রহমতের বারতা নিয়ে প্রতি বছরই রমজান আসে। এবারো ওই যে এলো রমজান। রমজান যখন আসে তখন আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ খুব খুশি হয়। এক, মু’মিন-মুসলমান। যারা আল্লাহর কিতাবের জ্ঞানের অধিকারী, প্রকৃত সত্য সম্পর্কে অবহিত, যারা আল্লাহর বিশেষ রহমত দ্বারা নিজেদের সিক্ত করার জন্য রমজানের জন্য অপেক্ষা করেন। দুই. অবৈধ মজুতদার, মুনাফাখোর ও কালোবাজারি। মুনাফা লুটার অপার সুযোগ নিয়ে আসছে রমজান। কি খুশি কি আনন্দ আকাশে বাতাসে।

প্রথম শ্রেণীর আল্লাহর বান্দারা এ মাসে মানবতার প্রতি আরো বেশি করে দায়িত্বশীলতার ভূমিকায় অবতীর্ণ হন। তারা ভুল কর্মনীতি পরিহার করে সঠিক কর্মনীতি অবলম্বনের করেন। রমজানের অবারিত রহমতের বারিধারায় নিজেদের সিক্ত করতে কোন ভুল করেন না। তারা নিজেদেরকে এ মাসে মানবতার উচ্চতর পর্যায়ে উন্নীত করেন। প্রতিটি ক্ষেত্রে তারা সংযম প্রদর্শনের অনুশীলনে লিপ্ত হয়।

আর দ্বিতীয় শ্রেণীর মানবরূপী পশুগুলোর লোভের জিভটি এ মাসে এসে আরো লম্বা হয়। তারা দুনিয়ার স্বার্থ, স্বাদ ও আরাম আয়েশের কারণে রমজানকে এক বিরাট সুযোগ হিসেবে গ্রহণ করে। দু’হাতে মুনাফা লুটার জন্য রমজানে বেপরোয়া হয়ে ওঠে। মাত্রাতিরিক্ত মুনাফা লুণ্ঠনের জন্য কালোবাজারি ও খাদ্যে ভেজাল মিশ্রিত করে। প্রবৃত্তির লালসার মোকাবেলা করার পরিবর্তে এরা তার সামনে নতজানু হয়। পার্থিব লোভ-লালসার জন্য আল্লাহর দেয়া অপার রহমতের সুযোগ-সুবিধাকে পরিত্যাগ করে দুনিয়ার লালসাকে চরিতার্থ করার জন্য সম্মানিত রোজাদারদের কষ্ট দেয়। এ ধরনের লোভ-লালসার অধিকারী ব্যক্তিদেরকে আল্লাহ তায়ালা অত্যন্ত ঘৃণিত প্রাণীর সাথে তুলনা করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে তো দুনিয়ার প্রতিই ঝুঁকে রইল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো, তার ওপর আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এ কাহিনী তাদেরকে শুনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা-ভাবনা করবে।’ (আরাফ : ১৭৬)

কুকুর হলো, উগ্র লালসা ও অতৃপ্ত কামনার এক প্রাণী। তার এই লালসা ও কামনার জন্য জিভটি সর্বদা ঝুলে থাকে এবং এ ঝুলন্ত জিভ থেকে অনবরত লালসার লালা টপকে পড়তে থাকে। চলাফেরার পথে তার নাক সব সময় মাটি শুঁকতে থাকে, হয়তো কোথাও কোনো খাবারের গন্ধ পাওয়া যাবে এ আশায়। তার গায়ে কেউ কোনো পাথর ছুড়ে মারলেও তার ভুল ভাঙবে না। বরং তার মনে সন্দেহ জাগে, যে জিনিসটি তাকে মারা হয়েছে সেটি হয়তো কোনো হাড় বা রুটির টুকরা হবে। পেট পূজারী লোভী কুকুর একবার লাফিয়ে দৌড়ে গিয়ে সেই নিক্ষিপ্ত পাথরটিও কামড়ে ধরে। পথিক তার দিকে দৃষ্টি না দিলেও দেখা যাবে সে লোভ-লালসার প্রতিমূর্তি হয়ে বিরাট আশায় বুক বেঁধে জিভ ঝুলিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সে তার পেটের দৃষ্টি দিয়ে সারা দুনিয়াকে দেখে। কোথাও যদি কোনো বড় ধরনের মরা গরু পড়ে থাকে, কয়েকটি কুকুরের পেট ভরার জন্য সেটি যথেষ্ট হলেও একটি কুকুর তার মধ্যে থেকে কেবলমাত্র তার নিজের অংশটি নিয়েও ক্ষান্ত হবে না বরং সেই সম্পূর্ণ লাশটি নিজের একার জন্য আগলে রাখার চেষ্টা করবে এবং অন্য কাউকে তার ধারেকাছেও ঘেঁষতে দেবে না।

সত্যিই আমাদের কিছু কিছু মুনাফাখোর ও কালোবাজারির অবস্থা ঠিক এই নিকৃষ্ট জীবটির মতোই। তার লোভের জিভটি সবসময় ঝুলে থাকে এবং ঝুলন্ত জিভ থেকে অনবরত লালসার লালা টপকে পড়তে থাকে। এদের উগ্র লালসার আগুন ও অতৃপ্ত কামনার কারণে সাধারণ মানুষ সবসময় চরম যন্ত্রণা পোহাতে হয়। একেবারেই ন্যূনতম মানবিক বিবেক যদি থাকত তাহলে সারা বছর তার কামনা বাসনা চরিতার্থ করলেও, অন্তত রমজান এলে রোজাদারদের সম্মানে, রমজানের সম্মানে তারা দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল পর্যায়ে রাখতে পারত। কিন্তু সেই ন্যূনতম মানবিক মূল্যবোধটুকুও তার উগ্র লালসার কাছে পরাজিত হয়। পেট পূজারী লোভী জীবটির মতো এসব মুনাফাখোরেরা পেটের দৃষ্টি দিয়ে সারা দুনিয়াকে দেখে। তার কাছে এসব রমজানের মর্যাদা বা ভাবগাম্ভীর্য পরিবেশ একান্তই বৃথা। কারণ এরা লোভ-লালসার প্রতিমূর্তিতে পরিণত হয়। এজন্য ভালো কী মন্দ, সর্বাবস্থায়, সব জায়গায় এবং সব সময় তারা মুনাফা খুঁজতে থাকে। তার এই অত্যাধিক লোভের কারণে কত শত মানুষ কষ্টের শিকার হলো, কি পরিমাণ সামাজিক বিপর্যয় সৃষ্টি হলো এবং দেশের অর্থনীতির উপর কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ল এগুলো চিন্তা করার সময় তার থাকে না। যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে কষ্ট দেয়া হারাম। কিন্তু রোজাদারকে কষ্ট দেয়া আরো মারাত্মক। এসব দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিকারী কালোবাজারি, খাদ্যে ভেজাল মিশ্রিতকারী ও অবৈধ মজুদদারি লোকেরা যদি রোজাদার হন তাহলে তাদের বিবেকের কাছে প্রশ্ন- রোজা তোমাদের কী শিখায়? প্রকৃত রোজাদার তার কোনো ভাইকে কখনো কষ্ট দিতে পারেন না। তার ভেতরে সবার প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এর পরও যদি কোনো মুসলিম ভাই কালোবাজারি, মাত্রাতিরিক্ত মুনাফা ও খাদ্যে ভেজাল মিশ্রিত করেন, তবে বুঝতে হবে তার রোজা শুধু শুধুই ক্ষুধা থাকা ছাড়া আর কিছুই দিতে পারেনি।

পৃথিবীর দেশে দেশে দেখা যায় যে, রমজান মাস এলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিশেষ মূল্যহ্রাস করা হয়। তারা সারা বছর মুনাফা করলেও এ মাসে এসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখে অথবা কমিয়ে দেয়। তারা এ-ও জানে যে, এ মাসে সে যেই পরিমাণ ছাড় দিবে তা ৭০ গুণ বাড়িয়ে আল্লাহ তাকে দান করবেন। আল্লাহর এই বিশেষ পুরস্কারের প্রতি সম্মান জানাতে তারা কখনো কার্পণ্য করে না। রমজান তাদের দয়াপরবশ করে তোলে। ব্যতিক্রম শুধু এই উপমহাদেশ। উদোর পরিপুষ্ট করার জন্য তারা রমজানকে বিশেষ সুযোগ মনে করে। রোজাদারকে কষ্ট দেয়ার এই মহা অন্যায় থেকে আমাদের সরকারও রেহাই পাবেন না। কারণ অবৈধ কালোবাজারি, মাত্রাতিরিক্ত মুনাফাখোর ও খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার ও রক্ষা করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। কোনোক্রমেই এ দায়িত্ব থেকে সরকার নিজেকে অব্যাহতি দিতে পারেন না। দায়িত্ব অবহেলার কারণে অবশ্যই অবৈধ কালোবাজারি ও ভেজাল মিশ্রিতকারীদের সাথে আল্লাহর কাঠগড়ায় তাদেরও দাঁড়াতে হবে। পূর্বেই বলা হয়েছে যে, তারা এতটাই অপ্রতিরোধ্য হয়ে পড়ে যে, অনেক শক্তিশালী সরকারও তাদের কাছে অসহায়ত্ব বরণ বা আত্মসমর্পণ করতে দেখা যায়। তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস করার মতো কেউ নেই। কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই তা সম্ভব। তবে এই অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য অবশ্যই আল্লাহর দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী মানুষের চিকিৎসা করতে হবে। কারণ রমজান হলো মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টির কার্যকরী একটি প্রতিষ্ঠান। মনে রাখা প্রয়োজন, তাকওয়াই হলো সব উন্নয়নের মূল চাবিকাঠি। তাকওয়া ছাড়া আর যত কর্মসূচি গ্রহণ করা হোক না কেন, সমাজ পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না কালোবাজারিসহ অন্যান্য সামাজিক অপরাধ।

লেখক : প্রবন্ধকার ও গবেষক