ইউক্রেনকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলো স্লোভাকিয়া

‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে আর্থিক বা সামরিকভাবে সমর্থন করবে না স্লোভাকিয়া। তবে অন্যরা এটি করতে চাইলে আমরা তা সম্মান করব।’

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো |ছবি - সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া শনিবার ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়া বন্ধ করবে।

দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে আর্থিক বা সামরিকভাবে সমর্থন করবে না স্লোভাকিয়া। তবে অন্যরা এটি করতে চাইলে আমরা তা সম্মান করব।’

ফিকো বলেন, ‘শক্তির প্রয়োগের মাধ্যমে শান্তি’- এ বিষয়টিতে স্লোভাকিয়ার আপত্তি রয়েছে।

তিনি আরো বলেন, ‘ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান থেকে আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী হবে না।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের সমাপনীতে স্লোভাকিয়া অন্যান্য বিষয়ের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রস্তাব করেছে। কিন্তু এটি প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের একটি বিশাল সংখ্যক দেশ প্রত্যাখ্যান করেছে।’

ফিকো জানান, তার দেশ দাবি করছে শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তে ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাসের ট্রানজিট পুনরায় চালু করার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হোক।

তিনি বলেন, ‘ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ান গ্যাস সরবরাহ পুনরুদ্ধার না হলে ইউরোপের প্রতিযোগিতা নিশ্চিত করা অসম্ভব।’

ফিকো আরো বলেন, ‘যদি এই শীর্ষ সম্মেলনটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য মতামতকে সম্মান না করা হয়, তাহলে ইউরোপীয় কাউন্সিল আগামী বৃহস্পতিবার ইউক্রেন সম্পর্কিত সিদ্ধান্তে একমত হতে পারবে না।’

এর আগে, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি