ট্রাম্পের শুল্কারোপ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ম্যাক্রোঁর

ম্যাক্রোঁ শুল্ককে ‘কঠোর ও ভিত্তিহীন’ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি ধাক্কা বলে অভিহিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ |ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (৩ মার্চ) ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

ফরাসি শিল্প প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ম্যাক্রোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকা বা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত বিনিয়োগসমূহ স্থগিত করা উচিত।’

ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম যুক্তরাষ্ট্রে শিপিং লজিস্টিকস ও টার্মিনাল নির্মাণের জন্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করার কয়েক সপ্তাহ পরে এই মন্তব্য করলেন ম্যাক্রোঁ। সেই সময় ট্রাম্প পরিকল্পনাটির প্রশংসা করেছিলেন। বুধবারের শুল্ক ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন তিনি।

ফরাসি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী স্নাইডার ইলেকট্রিক গত মাসের শেষের দিকে বলেছে, তারা মার্কিন জ্বালানি অবকাঠামোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ফরাসি প্রেসিডেন্টের প্রস্তাবের বিষয়ে মন্তব্য করার অনুরোধে কোনো কোম্পানিই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ম্যাক্রোঁ বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তিনি পাল্টা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে মার্কিন প্রযুক্তি খাত ও আর্থিক ব্যবস্থাকে নিশানা করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের প্রতিশোধের চেয়ে পারস্পরিক শুল্ক আরোপের প্রতিক্রিয়া ’আরো শক্তিশালী’ হবে।

ম্যাক্রোঁ শুল্ককে ‘কঠোর ও ভিত্তিহীন’ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি ধাক্কা বলে অভিহিত করেন।

সূত্র : রয়টার্স