ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩১ জনেরও বেশি আহত হয়েছেন।
দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাতভর রকেট হামলায় ক্রিভি রিহে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের অধিকাংশই হাসপাতালে ভর্তি। এদের মধ্যে চৌদ্দজনের অবস্থা গুরুতর।’
শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্ডার ভিলকুল টেলিগ্রামে জানান, শহরের একটি আবাসিক এলাকার একটি হোটেলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সব ধরনের জরুরি পরিষেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ভিলকুল আরো জানান, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
তিনি উল্লেখ করেন, হামলার সময় ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন, দুটি স্কুল, দুটি কিন্ডারগার্টেন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, একটি ডাকঘর ও ব্যবসায়িক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, ‘রাতে এই অঞ্চলে ছয়টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি এখনো রয়েছে। তাই সতর্কতা অনুসরণ করুন।’
ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাতারাতি কয়টি ড্রোন ভূপাতিত করেছে তা এখনো নিশ্চিত করেনি।
রাশিয়ান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র : আনাদোলু এজেন্সি



