নিউমোনিয়ার আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস রোববার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।
তিনি রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার বলেন, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি ‘খুব খুশি’।
তবে আলফিয়েরি সতর্ক করেছেন, তার সুস্থ হতে এখনো কমপক্ষে দুই মাস সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল।
পোপ ফ্রান্সিসকে বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে, দুপুরের ঠিক পরে তিনি হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে হাত নাড়বেন এবং তাদের মঙ্গল কামনা করবেন। ১৪ ফেব্রুয়ারির পর এটাই হবে জনসমক্ষে তার প্রথম উপস্থিতি।
২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি থেকে চতুর্থবার হাসপাতালে ভর্তি থাকেন পোপ। পোপের মেয়াদকালে এবারই প্রথম তিনি দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেন।
সূত্র : বাসস



