গাজায় জাতিঙ্ঘের ক্লিনিকে ইসরাইলের হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের চলমান গণহত্যা যুদ্ধের সময় একই ইউএনআরডব্লিউএ ক্লিনিকে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের আগ্রাসনে গাজা ধ্বংসস্তুুপে পরিণত হয়েছে
ইসরাইলের আগ্রাসনে গাজা ধ্বংসস্তুুপে পরিণত হয়েছে |ছবি - সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বুধবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তারা এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

একটি চিকিৎসা সূত্র আগে জানিয়েছিল, নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। অন্যদিকে জাতিসঙ্ঘ পরিচালিত ক্লিনিকে হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাবালিয়া শহরে শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে দাবি করেছে, হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে কাজ করছিল। একটি সামরিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, হামাসের জাবালিয়া ব্যাটালিয়ন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ভবনটি ব্যবহার করেছিল।

হামাস তাদের পক্ষ থেকে ইসরাইলি দাবিগুলোকে ‘অপরাধকে ন্যায্যতা দেয়ার লক্ষ্যে একটি স্পষ্ট মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই অপরাধ ফ্যাসিবাদী নেতানিয়াহু সরকারের সব মানবিক, আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞার প্রতিফলন ঘটায়।’

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি আক্রমণের নিন্দা জানিয়েছে। তারা গণহত্যা, বাস্তুচ্যুতি ও দখল বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন অনুসারে রাজনৈতিক মীমাংসা কার্যকর করতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের চলমান গণহত্যা যুদ্ধের সময় একই ইউএনআরডব্লিউএ ক্লিনিকে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি