আবারো বেড়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা করা হয়েছে। নতুন এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৩য় দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৬ মার্চ) থেকে কার্যকর হবে এ দাম।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা।
এর আগে আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণে ১ হাজার ১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৮০৫ টাকা দাম বাড়বে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।



