বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতকে দেশ গড়ার দায়িত্ব দিলে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র উপহার দেয়া সম্ভব হবে।’
সোমবার (৩ মার্চ) জামায়াতের খুলনা মহানগরী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের একটাই উদ্দেশ্য একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা। এ কাজের জন্য জামায়াতের নেতাকর্মীদের উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম,খুন ও নির্যাতন করা হয়েছে। নেতাদেরকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি প্রতিশোধে বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।’
তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা ময়দানে ফেরার যে তৌফিক আমাদের দিয়েছেন তার জন্য শুকরিয়া হিসেবে আমরা চিরকৃতজ্ঞ থাকব। যে শক্তি বিতাড়িত হয়েছে তাদের ব্যাপারে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। তারা যেন দেশে ঢুকে আবার অন্যায় করতে না পারে। তাদের এখন একটাই পরিকল্পনা, কীভাবে বাংলাদেশের এই পরিবেশকে নস্যাৎ করে সারা দুনিয়াকে দেখানো যায় যে বাংলাদেশ অচল হয়েছে।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যে কার্যালয় উদ্বোধন করা হলো এখানে কুরআন-হাদিসের চর্চা হবে। অন্য কোনো দলীয় কার্যালয়ের মতো একটি আড্ডাখানায় পরিণত হবে না। বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য একদল আদর্শবাদী ও চরিত্রবান লোক তৈরির কোনো বিকল্প নেই।’
দীর্ঘ নয় বছর পর সোমবার নগরীর খানজাহান আলী রোডের তারের পুকুর এলাকায় জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শেখ ওয়ালিউল্লাহ, ইকবাল হোসেন, মীম মিরাজ হোসাইন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী জামায়াতের এ অফিস ২০১৬ সালের ডিসেম্বরে বন্ধ করে দিয়েছিল।



